একাশিয়ান মিলনমেলা–২০২৭, চট্টগ্রাম · ৩০ জানুয়ারি ২০২৭
সংবাদ
স্মৃতিকথা১০ নভেম্বর ২০২৬

৪১ বছর পর কোচিং সেন্টারের বারান্দায়...

— ফরিদ উদ্দিন মাহমুদ (রঞ্জু) · SL: 81AN-0015

৪১ বছর পর কোচিং সেন্টারের বারান্দায়...
ছবি: পাঁচলাইশে কোচিং সেন্টারের সামনে — গল্পকারের পাঠানো

মেয়েকে নিয়ে পাঁচলাইশে কোচিং সেন্টারে গিয়ে বসে এক একাশিয়ানের ভাবনা — স্কুল থেকে কোচিং, কোচিং থেকে ক্লাব: জীবনটা একটা বৃত্ত।

কতদিন স্কুল, কলেজ আর কোচিং সেন্টারে যাই না! আজ মেয়েকে নিয়ে ৪১ বছর পর পাঁচলাইশে মুন্না স্যারের কোচিং সেন্টারে গিয়ে বসে বসে যে ভাবনা এলো, তা-ই লিখছি।

ছবিতে দেখুন — গেটের বাইরে অভিভাবকদের ভিড়, ভিতরে শত শত ছেলেমেয়ে। ৪১ বছর আগেও কি এমন ছিল? না।

★ আমার প্রাইভেট পড়ার ইতিহাসটা খুবই ছোট।

১৯৮১ সালে যখন এসএসসি পরীক্ষা দিলাম, তখন পর্যন্ত কোনো স্যারের কাছে প্রাইভেট পড়েছি বলে মনে করতে পারি না।

১৯৮৩ সালে যখন কমার্স কলেজে এইচএসসি পড়ছি, তখন রহিম স্যারের কাছে অ্যাকাউন্টিং পড়েছি কিছুদিন। আবার কিছুদিন না পড়ে বাসা থেকে টাকা নিয়ে পড়তে না গিয়ে বন্ধুদের সাথে সময় পার করেছি — সত্যি বলছি, তখন এমনই করতাম।

তখন আমাদের কলেজের পিছনে যুগিচাঁন মসজিদের কাছে বাতেন স্যারের নামকরা কোচিং সেন্টার ছিল, অনেক বন্ধু পড়তো। আর পরীক্ষার কিছুদিন আগে অমিত স্যারের কাছে পরিসংখ্যান পড়েছিলাম কিছুদিন। এই ছিল আমার প্রাইভেট পড়ার ইতিহাস।

কিন্তু আমাদের একটা ব্রহ্মাস্ত্র ছিল। আমি, Hafiz Ahmed আর Ahmed Hossain Tapan — আমরা তিনজন ঘুরে ঘুরে সবার কাছ থেকে সাজেশন যোগাড় করতাম। কোন স্যার কি পড়িয়েছে, কোন কোচিং এ কি দিয়েছে — সব একসাথে করে এমনভাবে নিরূপণ করতাম কি কি আসবে, তা ছিল একেবারে নিখুঁত!

যার কারণে পড়ালেখা না করে, কোচিং না করেও জীবনে যতটুকু পড়ালেখা করেছি, কোথাও আটকাইনি, আল্লাহর ইচ্ছায়।

★ আর আজ?

আজ এত এত পড়ালেখা, এত এত কোচিং, এত এত স্যার, মা-বাবার এত এত কষ্ট, টাকা, দৌড়ঝাঁপ দেখলে — আমাদের সৌভাগ্যবান বাবা-মায়ের কথা ভেবে শান্তি ও স্বস্তি অনুভব করি, আর বর্তমান প্রজন্মের জন্য কষ্ট অনুভব করা ছাড়া কিছু করার থাকে না।

আমাদের বাবা-মা আমাদেরকে স্বাধীনভাবে বড় হতে দিয়েছেন। আর আজ আমরা আমাদের সন্তানদের ভালোবাসার জালে আটকে ফেলেছি, কোচিং আর সাজেশনের পাহাড়ের নিচে।

★ গতকাল ৪৮ বছর পর বন্ধুদের সাথে কলেজিয়েট স্কুলে গেলাম,

★ আজ মেয়ের সাথে গেলাম কোচিং সেন্টারে,

★ আর ৩০শে জানুয়ারি ইনশাআল্লাহ যদি খোদা বাঁচিয়ে রাখে, তাহলে চট্টগ্রাম ক্লাবে ১৯৮১ সালে এসএসসি পাশ করা সারাদেশের বন্ধুদের সাথে একসাথে যাবো — স্বপ্নের মিলনমেলায়।

স্কুল থেকে কোচিং, কোচিং থেকে ক্লাব — জীবনটা একটা বৃত্ত। শুরু আর শেষ সেই বন্ধুত্বেই।